কয়েক হাজার সমর্থক নিয়ে যুবলীগ নেতার সমাবশ, ওসি প্রত্যাহার

আপডেট : ২৭ জুন ২০২০, ০৬:৪৪ পিএম

করোনা পরিস্থিতিতে সব সভা-সমাবেশ নিষিদ্ধ হলেও যুবলীগ নেতার সমাবেশে বাধা না দেওয়ায় বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলামকে প্রত্যাহার করে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা বেলকুচি উপজেলার চালা এলাকায় মানববন্ধন ও আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ৪/৫ হাজার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সমাবেশ করেন। বেলকুচি থানা পুলিশ এতে বাধা না দেওয়ায় এ দিন রাতে বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। 

বেলকুচি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা বলেন, আমরা প্রথমে চালা এলাকায় মানববন্ধন করি। কিন্তু সাধারণ মানুষ আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করায় লোকসংখ্যা বেড়ে প্রায় ৫/৬ হাজার হয়ে যায়। ফলে আমরা পার্টি অফিসের সামনে এসে সমাবেশ করি।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম জানান, মানববন্ধন ও সমাবেশ করার জন্য পূর্ব কোনো অনুমোতি নেওয়া হয়নি। ফলে বেলকুচি থানার ওসিকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হলা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. একরামুল হক বলেন, করোনা মহামারির মধ্যে সব মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। সাজ্জাদুল হক রেজা মানববন্ধন ও সমাবেশ করে সংগঠনবিরোধী কার্যক্রম করেছে। 

সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল বলেন, এটা মনে হয় দলীয় কোনো কর্মসূচী ছিল না।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেন, সাজ্জাদুল হক রেজা তাঁত শ্রমিকদের টাকা দিয়ে ভাড়া করে এনে এ জমায়েত করেছে। এতে পুলিশ বাধা দেয়নি। জমায়েতের কারণে বেলকুচি উপজেলা জুড়ে করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে।

সদ্য যোগদানকারী বেলকুচি থানার ওসি মো. বাহাউদ্দিন ফারুকী বলেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের নির্দেশে ইন্সপেক্টর আনোয়ারুল ইসলামকে বৃহস্পতিবার রাতে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে তাদের এ ধরণের সমাগম করাটা মোটেও উচিত হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত