গ্যালারি কায়ায় স্বাস্থ্যবিধি মেনে চিত্র প্রদর্শনী শুরু

আপডেট : ২৭ জুন ২০২০, ০৮:৩৪ পিএম

রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ‘সেলিব্রেটিং নেচার’ শীর্ষক চিত্র প্রদর্শনী। কোভিড ১৯ সংক্রমণের ঝুঁকি এড়াতে কোনো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

শিল্পপ্রেমীরা গ্যালারি কায়ার ফেসবুক পেজে ছবিগুলো দেখতে পাবেন। সেখান থেকে পছন্দ মতো সংগ্রহও করতে পারবেন। এ ছাড়া গ্যালারিতে অল্প কিছু ছবি রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক দর্শনার্থীদের গ্যালারিতে প্রবেশ করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী জানালেন, ‘করোনাকালের ‘নিউ নরমাল’ প্রদর্শনী এটা। কোন আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজন নেই। অনলাইন মাধ্যমে প্রদর্শনী দেখা যাবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে গ্যালারিতেও প্রবেশের সুযোগ রয়েছে। তবে, আমরা অনলাইনে ছবি দেখাকেই বেশি উৎসাহিত করছি।’

প্রদর্শনীতে সমকালীন ১৯ জন শিল্পীর ১৪০টি চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ১৭ জুলাই পর্যন্ত। ‘সেলিব্রেটিং নেচার’ প্রদর্শনীতে উঠে এসেছে চিরায়ত বাংলার প্রকৃতি। বিশেষ করে এই করোনাকালে সবকিছু লকডাউন হলেও প্রকৃতি যেন আরো বেশি নান্দনিক হয়ে উঠেছে, বাঁধন খুলে মেলে ধরেছে তার সৌন্দর্য। প্রকৃতিজুড়ে নেই দূষণের কালো ছায়া। আর প্রকৃতির সেই সতেজ স্নিগ্ধ রূপই ফুটে উঠেছে শিল্পীদের ক্যানভাসে।

প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা হলেন, আব্দুল্লাহ আল বশীর, আহমেদ শামসুদ্দোহা, আলপ্তগীন তুষার, আনিসুজ্জামান, আশরাফুল হাসান, আজমীর হোসেন, চন্দ্র শেখর দে, হামিদুজ্জামান খান, জামাল আহমেদ, কামালুদ্দীন, মোহাম্মদ ইকবাল, মং শং শ, রণজিৎ দাস, রুহুল আমিন তারেক, শাহানুর মামুন, শেখ আফজাল হোসেন, সোহাগ পারভেজ, সুমন ওয়াহেদ ও তরুণ ঘোষ।

নভেল করোনা সংক্রমণ ঠেকাতে মার্চ মাস থেকেই বন্ধ হয়ে যায় রাজধানীর চিত্র গ্যালারিগুলো। এবার সীমিত পরিসরে এ প্রদর্শনী আয়োজনের মধ্য দিয়ে চালু হলো গ্যালারি কায়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত