লিভারপুলের সাফল্যের পেছনে ফ্যানওয়ের পরিকল্পনা

আপডেট : ২৮ জুন ২০২০, ০৭:২৫ এএম

৩০ বছর পর প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের সাফল্যে লিভারপুলের সর্বত্র ইয়ুর্গেন ক্লপ ও তার শিষ্যদের জয়জয়কার চলছে। কিন্তু এর পেছনের কারিগর যারা তাদেরও তো কিছু কৃতিত্ব পাওয়ার আছে। সেই কারিগর হলো যুক্তরাষ্ট্রের এক্সিকিউটিভদের মিলিত প্রতিষ্ঠান ফ্যানওয়ে স্পোর্টস গ্রুপ। আমেরিকান বেসবল অঙ্গনে ‘বোস্টন রেড সক্স’ নামে দারুণ সফল একটি বেসবল দল আছে এই গ্রুপের। ১০ বছর আগে তারাই ইংলিশ ফুটবলের ডুবন্ত জাহাজ লিভারপুলের হাল ধরেছিল। তারাই এই ক্লাবটিতে দেখেছিল সেরা হওয়ার সম্ভাবনা। সেই থেকে তাদের লড়াই শুরু। ১০ বছরের অপেক্ষা শেষে ফল দিল। পরপর দু’বছর চ্যাম্পিয়নস লিগ আর ইংলিশ প্রিমিয়ার শিরোপা।

২০০৪-এ ম্যাসাচুসেটসের বোস্টনভিত্তিক ‘বোস্টন রেড সক্স’ দলের মালিকদের মাথায় চিন্তা আসে ইংল্যান্ড ফুটবলে নাম লেখানোর। সে সময় লিভারপুল হারিয়ে যাওয়া এক জায়ান্টের নাম। তবুও দলটির ওপর আস্থা রেখে মোটা অঙ্কের বিনিময়ে ক্লাব কিনে নেয় ফ্যানওয়ে। বেসবলে রেড সক্স তখন দারুণ সফল। তাদের হাত ধরেই ৮৬ বছর পর বেসবলে বিশ্ব সিরিজ জিতেছিল রেড সক্স। একে একে তারা নয়টি বিশ্ব সিরিজ চ্যাম্পিয়নশিপ জেতে। রেড সক্সকে সাফল্য এনে দেওয়ার মতোই লিভারপুলকে নিয়েও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রেখেছেন ফ্যানওয়ের মালিকরা। এই প্রতিষ্ঠানের একজন শরিক জন হেনরি জানান, ‘লিভারপুলকে নিয়ে আমাদের সাফল্যের ধারাবাহিকতা দেখানোর পরিকল্পনা আছে। যেমনটা আমরা রেড সক্সকে নিয়ে দেখিয়েছি। আমরা লম্বা সময়ের জন্য এখানে এসেছি এবং লম্বা সময়ের জন্যই পরিকল্পনা করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত