ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ফটোসংবাদিক শফিকুল ইসলাম কাজলকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।
রোববার মহানগর হাকিম দেবাশীষ চন্দ্র অধিকারী কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কর্তৃপক্ষের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানি শেষে এই আদেশ দেন।
শফিকুল ইসলাম কাজলের ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর রবিবার শুনানি হয়।
ডিবি পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল মোল্লা আদালতকে বলেন, কাজলের ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে রিমান্ড দরকার।
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিক কাজলের জামিন চেয়ে ও রিমান্ড বাতিল চেয়ে আবেদন করে বলেন, কাজলকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করা হচ্ছে।
দুই পক্ষের শুনানি শেষে মহানগর হাকিম দেবাশীষ চন্দ্র অধিকারী সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জামিন আবেদন বাতিল ও দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
খবর: ইউএনবি।
