নব্বই দশকের সাড়া জাগানো ‘পাগল মন’ গানটি বিনা অনুমতিতে ‘পাসওয়ার্ড’ শিরোনামের সিনেমায় ব্যবহার এবং বাণিজ্যিকভাবে বিপণনের অভিযোগ এনে চিত্রনায়ক শাকিব খান ও মোবাইল টেলিকম কোম্পানি রবি’র বিরুদ্ধে সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দাখিল করেছেন ব্যারিস্টার ওলোরা আফরিন।
গানটির মূল গীতিকার, সুরকার ও শিল্পীর পক্ষ থেকে ওলোরা আফরিন অভিযোগ করেছেন বলে দেশ রূপান্তরকে তিনি নিশ্চিত করেছেন।
সাইবার ক্রাইম ইউনিটের এডিসি এস এম নাজমুল হকের কাছে রবিবার এ অভিযোগ দেওয়া হয়। এর আগে ৭ মার্চ শাকিব খান এবং গানটির বিপণন প্রতিষ্ঠান রবি’র কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছিল। তার কোনো সদুত্তর না দেয়ায় এবার সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দাখিল করা হলো।
ব্যারিস্টার ওলোরা আফরিন রবিবার দেশ রূপান্তরকে বলেন, ‘শাকিব খান গানটি ‘পাসওয়ার্ড’ সিনেমায় বিনা অনুমতিতে রিমেক করে ব্যবহার করেছেন। পরে সেটি রবির কাছে বাণিজ্যিকভাবে বিক্রি করেছেন। গানটি এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে ১৯ মিলিয়ন ভিউ হয়েছে। তিনি গানটি রবির কাছে বাণিজ্যিকভাবে বিক্রিও করেছেন। অথচ কপিরাইট আইনে গানটির মালিকানা স্বত্ব তার নয়। যার প্রেক্ষিতে গীতিকার, সুরকার ও শিল্পী পক্ষে আইনি নোটিশে আমরা শাকিব খানের কাছে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছি। শাকিব খান তার কোনো সদুত্তর না দেওয়ায় আমরা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দাখিল করেছি।’
‘পাগল মন’ গানের শিল্পী প্রখ্যাত লোকসংগীত শিল্পী দিলরুবা খান দেশ রূপান্তরকে বলেন, ‘শাকিব খান গানটি অনুমতি ছাড়াই সিনেমায় ব্যবহার করে সেটি বাণিজ্যিকভাবে বিক্রি করেছেন। তাই আমরা তার বিরুদ্ধে আইনি লড়াই করছি। ব্যারিস্টার ওলোরা আফরিন আমাদের পক্ষ থেকে অভিযোগটি দাখিল করেছেন।’
