বিএনপি সরকারের সময়কার অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছোট ভাই এম ফয়জুর রহমান (৮৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয় বলে সাইফুর রহমানের ছেলে নাসের রহমান জানিয়ে বলেন, চাচা ভোর ৬টা ১০ মিনিটে মারা গেছেন। শনিবার তার করোনা শনাক্ত হয়েছিল। শুক্রবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বনানীতে তার স্ত্রীর কবরে দাফন করা হয়েছে।
ফয়জুর এশিয়ান সার্ভেয়ার্স লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ও আইআইএফসি ন্যাশনাল টি কোম্পানির পরিচালকও ছিলেন তিনি। তিনি পূবালী ব্যাংকের সাবেক পরিচালক।
