করোনা: নিজস্ব প্রযুক্তিতে ভেন্টিলেটর বানানো শুরু করেছে পাকিস্তান

আপডেট : ২৮ জুন ২০২০, ০৯:৫৪ পিএম

পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী ঘোষণা দিয়েছেন, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য নিজস্ব প্রযুক্তিতে স্থানীয়ভাবে ভেন্টিলেটর বানানো শুরু করেছে দেশটি।

আলজাজিরা জানায়, এক টুইটার বার্তায় এই ঘোষণা দেন ফাওয়াদ চৌধুরী। শিগগিরই এসব ভেন্টিলেটর জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার হাতে তুলে দেয়া হবে বলে তিনি জানান।

করোনা চিকিৎসায় দেড় হাজারের বেশি আরও ভেন্টিলেটরের চাহিদার বিষয়টি প্রকাশ্যে আসার কয়েকদিনের মধ্যে ভেন্টিলেটর উৎপাদনের বিষয় জানান পাক মন্ত্রী।

এই মুহূর্তে দেশটিতে সরকারি হাসপাতালে করোনা আক্রান্তদের জন্য ১৫০৩টি ভেন্টিলেটর কাজ করছে বলে জানা যায়।

বড় শহরগুলোর হাসপাতালে আক্রান্তদের চিকিৎসায় ভেন্টিলেটরসহ জরুরী সরঞ্জাম ও সামগ্রীর অভাবের বিষয়টি সামনে আসা শুরু করেছে। অনেক হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা ছাড়াই রোগীদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছে বলে জানা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে যেসব দেশে করোনা সংক্রমণ দ্রুত বেড়ে চলেছে পাকিস্তানও তার মধ্যে আছে। ফেব্রুয়ারির ২৬ তারিখ দেশটিতে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। বিশ্বে আক্রান্ত দেশের তালিকায় শীর্ষে পনেরোর মধ্যে অবস্থান করছে পাকিস্তান।

রবিবার দক্ষিণ এশিয়ার দেশটিতে ৪ হাজার ৭২ জন নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় দুই লাখ ২৯৫৫ জনে। নতুন আরও ৮৩ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ১১৮ জন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত