আশুলিয়ায় কারখানা খোলার দাবিতে শ্রমিক বিক্ষোভ

আপডেট : ২৮ জুন ২০২০, ১০:১৬ পিএম

শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়াসহ তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

রবিবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার সমীর প্লাজার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নিট ওয়্যার লিমিটেড নামক তৈরী পোশাক কারখানার শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, গত মার্চ মাস থেকে বেতন না দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকদের জানিয়ে দেওয়া হয় যাদের চাকরির বয়স এক বছর শুধু তাদেরকেই বেতন দেওয়া হবে। এই ঘোষণার পর আবার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘেষণা করা হয়। এরপর থেকে কারখানা কর্তৃপক্ষের কোনো খবর নেই। গত মার্চ মাসে ৩০ জন শ্রমিককে বেতন দেxয়া হলেও এপ্রিল মাস থেকে আর কাউকে বেতন দেয়নি কারখানা কর্তৃপক্ষ। তাই তিন মাসের বেতনের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন বলেন, অন্যায়ভাবে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করে কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।  

তিনি আরও বলেন, আন্দোলনের একপর্যায়ে শিল্প পুলিশ মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করে। এবং শিল্প পুলিশ সিদ্ধান্ত দেয় বিষয়টি সমাধান করা হবে। এমন আশ্বাসে শ্রমিকরা আজকের মত আন্দোলন স্থগিত করেছে। তবে যদি কারখানা বন্ধ করে দেওয়া হয় তাহলে শ্রমিকদের আইন অনুযায়ী পাওনা পরিশোধ করতে হবে বলেও জানান।

জানতে চাইলে নিটওয়্যার লিমিটেড কারখানার সহকারী অ্যাডমিন অফিসার আলমগীর কবির বলেন, আমরা সরকারি নিয়ম মেনেই কারখানা বন্ধ করেছি। লে-অফপ্রাপ্ত শ্রমিকদের বিকাশের মাধ্যমে টাকা পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানা খুলবে না সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত