ক্যালিফোর্নিয়ার রেড ব্লাফে ওয়ালমার্টের বিতরণ কেন্দ্রে গুলিবর্ষণের এক ঘটনায় অন্তত দুজন নিহত ও চার জন আহত হয়েছেন বলে এক কর্মকর্তা জানিয়েছেন। গত শনিবার স্থানীয় সময় বিকেল প্রায় ৩টার দিকে গুলিবর্ষণের এ ঘটনা ঘটে বলে রেড ব্লাফ সিটি ম্যানেজার রিক ক্র্যাবট্রি ফোনে সিএনএনকে জানিয়েছেন।
এক ব্যক্তি গাড়ি নিয়ে বিতরণ কেন্দ্র ভেঙে ভেতরে ঢুকে পড়ার পর আগুন ধরে যায়, তবে আগুন খুব বড় আকারে ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছেন তিনি। ঘটনাস্থলে অজ্ঞাত এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্র্যাবট্রি। আইন প্রয়োগকারীরা ওই সন্দেহভাজনকে গুলি করেছে কি না, তা পরিষ্কার হয়নি। ক্র্যাবট্রি বলেন, ‘সেখানে একজন গুলিবর্ষণকারী ছিল, সে গুলিবিদ্ধ হয়েছে, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে বলে শুনেছিলাম।’
