করোনামুক্ত হয়ে কর্মস্থলে কুষ্টিয়া জেলা প্রশাসক

আপডেট : ২৯ জুন ২০২০, ০২:৩৪ পিএম

করোনাযুদ্ধে জয়ী হয়ে দীর্ঘ ২৩ দিন পর নিজ কর্মস্থলে যোগ দিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক। সোমবার বেলা ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসন ভবনের নিজ অফিস কক্ষে যোগদানকালে সকল সহকর্মী কর্মকর্তা ও কর্মচারী তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।

এ সময় জেলা প্রশাসক মো. আসলাম হোসেন তার করোনা জয়ের অনুভূতি প্রকাশ করে বলেন, গত ৬ জুন হঠাৎ অসুস্থ বোধ করায় তাৎক্ষণিক পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করান এবং কভিড-১৯ শনাক্তের ফলাফল পজিটিভ আসে। সেদিনই তিনি নিজ সরকারি বসভবনে আইসোলেটেড কক্ষে অবস্থান নিয়ে চিকিৎসা গ্রহণ শুরু করেন।

পরে ১১ দিন এবং ১৪ দিনের মাথায় পর পর দুইটি নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ আসায় চিকিৎসকরা তাকে করোনমুক্ত ঘোষণা করেন।

তিনি জানান, এই যুদ্ধের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে সৃষ্টিকর্তার উপর ভরসা এবং কঠোর মনোবল শক্তি বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসকের পরামর্শ অনুসরণের পাশাপাশি ঘরোয়া মসলা জাতীয় উপাদানসহ গরম পানির উষ্ণতা নেয়ার সুফল পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত