চিকিৎসায় অতিরিক্ত বিল নেওয়া এবং রোগী ভর্তি না করার অভিযোগে ঢাকা ও চট্টগ্রামের তিনটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। ফেনীর এক বাসিন্দার পক্ষে আইনজীবী ইয়াদিয়া জামান বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনটি করেন। গতকাল সোমবার অ্যাডভোকেট ইয়াদিয়া জামান দেশ রূপান্তরকে বলেন, ‘গত শনিবার ই-মেইলে এ আবেদনটি করা হয়। এখনো কার্যতালিকায় আসেনি। আশা করছি আগামীকাল (আজ মঙ্গলবার) কার্যতালিকায় এলে শুনানি করব।’
তিনটি হাসপাতাল হলো ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতাল, চট্টগ্রামের নিজাম রোডের মেট্রোপলিটন হাসপাতাল ও মেডিকেল সেন্টার হাসপাতাল। এর মধ্যে আনোয়ার খান মডার্ন হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় অতিরিক্ত বিল নেওয়া এবং অন্য দুটি হাসপাতালের বিরুদ্ধে রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ আনা হয়েছে। ফেনীর দাগনভূঁইয়ার জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা জেবুল হোসেন রয়েল এ আবেদনটি করেন। এসব হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বাস্থ্য সচিবকে কেন নির্দেশ দেওয়া হবে নাএ মর্মে রুল জারির আবেদন করা হয়েছে বলে জানান অ্যাডভোকেট ইয়াদিয়া জামান।
