নিষেধাজ্ঞা স্থগিত: ওয়াসার পানির ২৫% বাড়তি দাম দিতে হবে

আপডেট : ৩০ জুন ২০২০, ০৪:৫২ পিএম

ওয়াসার পানির বর্ধিত দাম আদায়ের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা ১৬ সপ্তাহের জন্য স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে ওয়াসার করা আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি মো. নুরুজ্জামানের ভার্চুয়াল চেম্বার আদালত এ আদেশ দেয়।

ফলে গত ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া ওয়াসার পানির বর্ধিত দাম আদায়ে কোনো নিষেধাজ্ঞা থাকলো না বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গত ২২ জুন বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এক আদেশে গত ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া ঢাকা ওয়াসার পানির ২৫ শতাংশ বর্ধিত দাম আদায়ের ওপর আগামী ১০ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়।

পরে হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে ওই দিনই চেম্বার আদালতে ওয়াসার পক্ষে আবেদন করা হয়।২৩ জুন আংশিক শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য ৩০ জুন ধার্য করা হয়।

ভিডিও কনফারেন্সে ওয়াসার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম। যিনি রাষ্ট্রেরও প্রধান আইন কর্মকর্তা। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী অনিক আর হক।

জনস্বার্থে গত ১৫ জুন এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ।

আবেদনে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর ২২ (৩) ধারা অনুযায়ী পানির দাম বাড়িয়ে গত ২৬ শে ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তটিকে চ্যালেঞ্জ করা হয়।

রিটকারী আইনজীবী জানান, আবাসিকে ঢাকা ওয়াসার সরবরাহকৃত প্রতি এক হাজার লিটার পানির দাম ১১ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ১৪ টাকা ৪৬ পয়সা করা হয়েছে। আর বাণিজ্যিক সংযোগে প্রতি হাজার লিটার পানির দাম ৩৭ টাকা ৪ পয়সা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে।

একইভাবে আবাসিক সংযোগে চট্টগ্রাম ওয়াসার প্রতি হাজার লিটার পানির দাম ৯ টাকা ৯২ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৪০ পয়সা এবং বাণিজ্যিকে ২৭ টাকা ৫৬ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা ৩০ পয়সা করা হয়েছে।

দেখা গেছে, আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ঢাকায় পানির দাম ২৪ দশমিক ৯৭ শতাংশ এবং চট্টগ্রামে ২৫ শতাংশ বাড়ছে। আর বাণিজ্যিক সংযোগে ঢাকায় ৭ দশমিক ৯৯ শতাংশ এবং চট্টগ্রামে ৯ দশমিক ৯৪ শতাংশ দাম বেড়েছে পানির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত