করোনাকালে নারী ফুটবলারদের অনুশীলন, টেকনিক্যাল ও শারীরিক ফিটনেস বিষয় পর্যবেক্ষণে ‘মেইক ইট কাউন্ট’ কর্মসূচি হাতে নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থা।
মার্চে করোনা প্রাদুর্ভাব শুরু হলে মেয়েদের আবাসিক ক্যাম্প বন্ধ হয়ে যায়। বাফুফের অধীনে থাকা নারী ফুটবলাররা চলে যান যার যার বাড়িতে। তবে মেয়েদের ফিটনেস ধরে রাখতে অনলাইনে নিয়মিত দিকনির্দেশনা দিয়ে আসছিলেন প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন। বাফুফে এবার সেটা আনুষ্ঠানিকভাবে উদ্যোগ নিতে যাচ্ছে।
বিবৃতিতে বাফুফে জানায়, প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন, সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু, সুইনু প্রু মারমা ও মাহমুদা আক্তারের তত্ত্বাবধানে নারী খেলোয়াড়রা নির্দিষ্ট বয়সের ক্যাটাগরিতে আলাদাভাবে ‘মেইক ইট কাউন্ট’ কর্মসূচিতে অংশ নেবে। বাফুফে থেকে খেলোয়াড়দের ঘুম ও পুষ্টিকর খাদ্য গ্রহণে তদারকি করা হবে।
বাফুফের নির্বাহী সদস্য, নারী ফুটবলের চেয়ারম্যান ও এএফসি এবং ফিফার কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ এ কর্মসূচির মাধ্যমে ভালো ফলের প্রত্যাশা করেছেন।
কিরণ বলেন, ‘এই অনাকাঙ্ক্ষিত সময়ে আমাদের মেয়ে খেলোয়াড়দের অবশ্যই বাড়িতে নিজেদের ফিটনেস ও স্বাস্থ্য ধরে রাখার ব্যাপারে সক্রিয় হতে হবে। আশা করছি, আমাদের গৃহীত পদক্ষেপের মাধ্যমে মেয়েরা তাদের উন্নতি অব্যাহত রাখবে আর আমরাও প্রতিনিয়ত তাদের সহায়তা করতে পারব। আমরা আশাবাদী, যত দ্রুত বয়সভিত্তিকে মেয়েদের দলকে মাঠে ফিরে পাব।’
