ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে বড় জয় পেয়েছে আর্সেনাল। পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের জোড়া গোলে নরিচ সিটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। আর এদিন দারুণ এক মাইলফলক গড়েছেন গ্যাবন তারকা অবামেয়াং।
এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৩৩ ও ৬৭ মিনিটে নিজের গোল দুটি করেন অবামেয়াং। ৩৭ মিনিটে গ্রানিত জাকা ও ৮১ মিনিটে সেদরিক সোয়ারেস গোল করেন।
দলের ও নিজের প্রথম গোলের মধ্য দিয়েই প্রিমিয়ার লিগে ৫০ গোলের কীর্তি হয়ে যায় অবামেয়াংয়ের। ৭৯ ম্যাচে এই কীর্তি তার। তার চেয়ে দ্রুততম সময়ে এই মাইলফলক গড়তে পেরেছিলেন মাত্র ৫ ফুটবলার। পরে আরো এক গোল আদায় করে ইপিএলে ৭৯ ম্যাচে ৫১ গোল তার। রয়েছে ১১ এসিস্ট। করোনা বিরতির পর লিগে এদিনই প্রথম গোল পেলেন তিনি।
এদিনের জয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে আর্সেনাল। ৩২ ম্যাচে ১১ ও ১৩ ড্রয়ে ৪৬ পয়েন্ট তাদের।
