শেষ ইনস্টাগ্রাম পোস্টে সুশান্তকেই স্মরণ করেছিলেন সরোজ খান

আপডেট : ০৩ জুলাই ২০২০, ১১:০০ পিএম

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঠিক ১৯ দিনের মাথায় পরলোকের উদ্দেশে রওনা হলেন বলিউডের ‘নাচের রানি’, সবার প্রিয় ‘মাস্টারজি’ সরোজ খান। সুশান্তের মতো এমন তরতাজা একটা প্রাণ অকালে ঝরে গেল, সেই মৃত্যুশোক ভাবিয়ে তুলেছিল সরোজ খানকে। তার শেষ ইনস্টাগ্রাম পোস্টেও তাই সুশান্তই রয়ে গিয়েছেন। শোকাহত সরোজ বলেছিলেন, ‘তোমার সঙ্গে কোনো দিন কাজ করিনি ঠিকই, কিন্তু তোমার এভাবে চলে যাওয়াটাকে কিছুতেই মেনে নিতে পারছি না।… তোমাকে সব সময়ে ভালোবাসব সুশান্ত। ভালো থেকো।’

সুশান্তের মতো এমন ট্যালেন্টেড, বুদ্ধিদৃপ্ত তরতাজা ছেলের মৃত্যুশোক সইতে পারেননি সরোজ। ইনস্টাগ্রাম পোস্টে তার ইঙ্গিতও রয়েছে। সরোজ লিখেছিলেন, ‘তোমার সঙ্গে কোনো দিন কাজ করিনি ঠিকই, তবে একাধিকবার তোমার সঙ্গে দেখা হয়েছে। কী এমন ঘটল তোমার জীবনে, যার জন্যে তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে! আমি ভীষণ রকমভাবে দুঃখ পেয়েছি তোমার এমন হঠকারী সিদ্ধান্তের জন্য। একটিবার কোনো গুরুজনের সঙ্গে কথা বলতে পারতে। তোমার সমস্যা নিয়ে আলোচনা করতে পারতে! তোমার সেই হাসিখুশি মুখটার দিকে আমাদেরও তাকিয়ে থাকার সুযোগ দিতে। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন। জানি না, তোমার বাবা এবং বোনেরা এই মুহূর্তে কী অবস্থায় রয়েছেন। তাদের প্রতি আমার সমবেদনা ও সহমর্মিতা রইল যে এই সংকট তারা কাটিয়ে উঠুন। তোমার সব কটা ছবিতে তোমায় আমি ভালোবেসেছি, বরাবর ভালোবাসব। ভালো থেকো।’

শুক্রবার সরোজ খানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তাই সুশান্ত সিং রাজপুতকে নিয়ে তার শেষ পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে। সত্যিই তাই, বলিউডে একের পর এক শোকসংবাদ। এপ্রিল মাসের শেষের দিকে ইরফান খান, ঋষি কাপুরের প্রয়াণের জোড়া দুঃসংবাদ কাটতে না কাটতেই মে মাসের গোড়ার দিকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ঘটেছে বলিউড সংগীতকার ওয়াজিদ খানের। তারপরই জুন মাসের ১৪ তারিখের বেলায় এল সেই অপ্রত্যাশিত সংবাদ। যা বোধ হয় কেউ কল্পনাও করেননি। আত্মহত্যা করেছেন সুশান্ত সি্ং রাজপুত। যার মৃত্যুর পর ১৫ দিনের বেশি কেটে গেলেও গোটা দেশ এখনো সেই শোক মেনে নিতে পারছে না। ভুলতে পারছে না সারল্যতায় ভরা হাসিমাখা সেই মুখটা! আর তার ঠিক ১৯ দিনের মাথাতেই ৩ জুলাই অর্থাৎ আজ সকালে খবর এল বলিউডের খ্যাতনামা ড্যান্স কোরিওগ্রাফার সরোজ খান আর নেই!

প্রসঙ্গত, সরোজ খানের মৃত্যুর পর তার দেওয়া এক পুরোনো সাক্ষাৎকারের কথাও উঠে এসেছে। যেখানে তিনি জানিয়েছিলেন বলিউড থেকে সেরকম কাজ না পাওয়ায় নবাগত অভিনেত্রীদের ইন্ডিয়ান ক্ল্যাসিক্যাল ড্যান্সের তালিম দিতে হচ্ছে তাকে। সালমান খান নিজেই এসে জিজ্ঞেস করেছিলেন সরোজকে, যে- তিনি এখন কী করছেন? নিজের অবস্থার কথা সালমানকে জানাতেই তিনি সরোজ খানকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘এবার আপনি সালমান খানের সিনেমায় কোরিওগ্রাফি করবেন।’ গত বছরের কথা। কিন্তু সালমানের সঙ্গে শেষবার আর কাজ করে হয়ে ওঠা হলো না বলিউডের মাস্টারজির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত