দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে আমদানি পেঁয়াজের দাম কেজিতে ৩-৪ টাকা কমেছে। এক দিন আগে প্রতি কেজি পেঁয়াজ ২০-২১ টাকা দরে বিক্রি হলেও গতকাল শুক্রবার তা কমে ১৭-১৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, আসন্ন কোরবানির ঈদ ঘিরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়া বিরাজ করায় বিক্রি কমে গেছে। মূলত পেঁয়াজের চাহিদা খানিকটা কম রয়েছে। একই সঙ্গে আগের কিছু দুর্বল মানের পেঁয়াজ বাজারে আসছে। এসব কারণে দাম কিছুটা কমেছে। এছাড়া দেশি পেঁয়াজের দামও খানিকটা কমেছে। আগে প্রতি মণ দেশি পেঁয়াজ ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা বিক্রি হলেও তা কমে ১ হাজার ২০০ টাকায় নেমেছে। এতে আমদানি পেঁয়াজের দামও কিছুটা কমেছে।
