করোনা পরিস্থিতিতে মেস মালিকদের কাছে ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে এক শিক্ষার্থীকে বিভিন্ন ভয়ভীতি দেখানো হয়েছে। যার ফলে মেস ছাড়তে বাধ্য হয়েছেন ওই শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে হরিণটানা থানায় সাধারণ ডায়েরি করেছেন। ইসলামনগর ছাত্র কল্যাণ সমিতির (মেসে থাকা শিক্ষার্থীদের সংগঠন) ওই সদস্য বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থী।
তিনি সাধারণ ডায়েরিতে অভিযোগ করেন, অন্য শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে গেলেও খুলনার স্থানীয় হওয়ায় তিনি কাসফা হাউজ ছাত্রাবাসে (মালিক কবির মোল্লা) অবস্থান করেন। বিভিন্ন সময় মেস মালিকদের অযৌক্তিক ভাড়া আদায়ের প্রতিবাদ করায় এবং শিক্ষার্থীদের দাবি নিয়ে আন্দোলন করার কারণে সম্প্রতি এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের দিয়ে তাকে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে তাকে রুম ছেড়ে দিতে বলা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৬ জুন এক সন্ত্রাসীকে দিয়ে তাকে ও তার রুমমেটকে হুমকি দিলে তারা মেস ত্যাগ করেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে তার পরিবারের সদস্যদেরও ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
