রাজধানীর উত্তর আদাবরে সাদিয়া নামে চার মাস বয়সী এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে আদাবর বাজারের পানির পাম্প সংলগ্ন একটি বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, পরকীয়া, দাম্পত্য কলহ কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকা- ঘটে থাকতে পারে।
পুলিশ জানায়, সাদিয়ার বাবা শাহজাহান দিনমজুর এবং মা মুর্শিদা বেগম গৃহিণী। ওই এলাকায় একটি টিনশেড ঘরে ভাড়া থাকেন তারা। শুক্রবার দুপুরে সাদিয়াকে ঘরে রেখে রান্নাঘরে রান্না করছিলেন মুর্শিদা। একপর্যায়ে ঘরে ফিরে মেয়েকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তিনি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। আদাবর থানার এসআই মোমিন দেশ রূপান্তরকে বলেন, ‘কে বা কারা এবং কী কারণে এই হত্যাকা- ঘটিয়েছি তা জানা যায়নি। তবে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ আদাবর থানার ওসি শহিদুজ্জামান বলেন, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এরই মধ্যে কিছু ক্লু পাওয়া গেছে। আশা করছি ঘটনায় জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা যাবে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ মর্গে পাঠানো হয়।’
