করোনাযোদ্ধা কাউন্সিলর বিন্নি সপরিবারে আক্রান্ত

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৭:০৩ এএম

করোনাকালে অসহায় হতদরিদ্রদের সেবা করে আলোচনায় আসা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও বর্তমানে ১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর বিন্নি তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার বিষয়টি নিশ্চিত করে গতকাল শনিবার নিজের ফেইসবুক পেজে পোস্ট দেন।

সেখানে তিনি লিখেছেন ‘হাসবুনিল্লাহি ওয়া নিমাল ওয়াকিল, মহান আল্লাহ পাকের ইচ্ছায় আমি ও আমার আদরের ২ সন্তান কভিড-১৯ পজিটিভ হয়েছি। যেহেতু আল্লাহর ইচ্ছাতেই সব হয়েছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ও আপনাদের ভালোবাসায় দোয়ায় করোনাযুদ্ধে জয়ী হয়ে মানবতার সেবায় আবারও ফিরে আসব। যতদিন ও যতক্ষণ বেঁচে থাকব আপনাদের পাশে থেকে সেবা করে যাব। আমি ও আমার পরিবার সম্পূর্ণ সুস্থ আছি এবং বাড়িতেই আইসোলেটেড আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সাবধানে থাকবেন।’

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে দিনে এবং রাতের আঁধারে অসহায়-হতদরিদ্রদের ঘরে ঘরে খাদ্যসামগ্রী নিজ হাতে পৌঁছে দেওয়াসহ সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে আসছিলেন কাউন্সিলর বিন্নি। এছাড়া করোনা আক্রান্তের মতো উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তির দাফন/সৎকারে সহযোগিতা এবং করোনা পরীক্ষার ব্যবস্থাসহ বিপদে ওয়ার্ডবাসীর পাশে থেকে আলোচনায় এসেছেন এই নারী কাউন্সিলর।

কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘গত ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত মানুষের পাশে থেকেছি। সরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে নিজের হাতে খাদ্যসামগ্রী বহন করে অভাবী মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। সরকার, সিটি করপোরেশন, এমপি মহোদয়গণসহ কিছু নিঃস্বার্থ মানুষের সহযোগিতায় করোনাকালীন আপদে মানুষের পাশে থেকেছি। কয়েক হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে বিতরণ করেছি। এ ছাড়া করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা তৈরিতে কখনো ফেইসবুকে, কখনো এলাকায় এলাকায় নিজে মাইকিং করে মানুষকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছি। আমি করোনায় আক্রান্ত হলেও আমার টিম সাধারণ মানুষের পাশে থাকবে। আমাদের সকল কার্যক্রম অব্যাহত থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত