জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। সম্প্রতি সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। এদিকে আজ (৫ জুলাই) দুপুরে হঠাৎ করেই অ্যান্ড্রু কিশোরের মৃত্যুর খবর চাউর হয়ে উঠে।
খোঁজ নিয়ে জানা যায়, অ্যান্ড্রু কিশোরের মৃত্যুর খবরটি সঠিক নয়। বেঁচে আছেন তিনি। তবে শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক।
সংগীত পরিচালক ফরিদ আহমেদ জানিয়েছেন, ‘কিংবদন্তি কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর এখনো বেঁচে আছেন। তবে তার শারীরিক অবস্থা খুবই খারাপ। কথা বলতে পারছেন না।’
এর আগে অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন এই নন্দিত গায়ক। সেখানে গিয়ে গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে ছিলেন তিনি। গত ১১ জুন একটি বিশেষ ফ্লাইটে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন অ্যান্ড্রু কিশোর। বর্তমানে তিনি রাজশাহীতে বসবাস করছেন।
