সরকারি বরাদ্দে অনিয়মের প্রতিবাদ করায় চা শ্রমিকদের উপর হামলা

আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৫:২৯ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত নগদ ৫ হাজার টাকা বিতরণে অভিযোগ তুলেছে চা শ্রমিকেরা। 

কমিটির দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে রোববার সকাল ১১টায় চা শ্রমিক নেত্রী গীতা রাণী কানুর নেতৃত্বে অনুষ্ঠিত চা শ্রমিকদের মানববন্ধনের প্রস্তুতি নিলে তাতে হামলা চালায় প্রতিপক্ষ। এতে কুরমা চা বাগানে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পুলিশের উপস্থিতিতেই বেলা ১টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, কুরমা চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতির নেতৃত্বে আরও একদল শ্রমিক এ মানববন্ধন অনুষ্ঠানে বাঁধার সৃষ্টি করলে দুই দল চা শ্রমিকের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনার একপর্যায় দুই দল চা শ্রমিকের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ফলে ২ নারীসহ ৬ জন আহত হয়েছেন।  ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুলিশি উপস্থিতিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়। 

গীতা রানী কানু বলেন, অনিয়মের বিরুদ্ধে তাদের শান্তিপূর্ণ মানববন্ধন করতে না দিয়ে বাঁধা সৃষ্টিকারীরা তাকে একটি দোকানে এক ঘন্টা অবরুদ্ধ করে রেখেছিলেন। পুলিশ আসার পর তিনি মুক্ত হয়ে পুলিশি উপস্থিতিতে ফুটবল মাঠ লাইনে বেলা ১টায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ কর্মসূচিতে বক্তব্য রাখেন নওশাদ মিয়া, সনজীৎ দাস, গীতা রানী কানু প্রমুখ। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করবেন বলেও গীতা রানী কানু জানান।

কুরমা চা বাগান পঞ্চায়েত কমিটি সভাপতি নারদ পাশী দেশ রূপান্তরকে বলেন, চা শ্রমিকদের ৫ হাজার টাকার তালিকায় কোন ভুল ছিল না। সঠিক মানুষের নাম তালিকায় রয়েছে। গীতা রানী কানু অহেতুক আন্দোলন শুরু করেছে। এতে দরিদ্র চা শ্রমিকরা পরবর্তীতে সমাজসেবার প্রদত্ত ৫ হাজার টাকা নাও পেতে পারেন। তাই তিনিসহ সাধারণ চা শ্রমিকদের একটি অংশ মানববন্ধন কর্মসূচিতে আপত্তি জানিয়েছিলেন। পুলিশ আসার পর পরিস্থিতি শান্ত হয়ে যায়। 

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তাছাড়া গীতা রানী কানুর নেতৃত্বে চা শ্রমিকদের একটি পক্ষ মানববন্ধন কর্মসূচিও পালন করেছে। এ ঘটনায় এখনও কোন অভিযোগ হয়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত