সুশান্ত সিং রাজপুতের বাবার নামে টুইটার অ্যাকাউন্ট। সেখান থেকেই একাধিক টুইট করা হচ্ছে। সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি, বলিউডে নেপোটিজমসহ একাধিক বিষয়ে কে কে সিং রাজপুতের টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কিছু টুইট কয়েক দিন ধরেই চোখে পড়েছে নেটিজেনদের। এমনকি ওই টুইটার অ্যাকাউন্টে সালমানের আগামী ছবি ‘কভি ইদ, কভি দিওয়ালি’ বয়কটের কথা বলা হয়। তবে আদপে তিনি কোনো টুইটার অ্যাকাউন্টই খোলেননি বলে জানিয়েছেন সুশান্তের বাবা।
পিটিআই-সূত্রে খবর, সুশান্তের বাবা কে কে সিং রাজপুত স্পষ্ট জানিয়েছেন তিনি এ ধরনের কোনো টুইটার অ্যাকাউন্ট খোলেননি। যারা এ ধরনের কাজ করছেন, তাদের কাছে অনুরোধ, মানুষের মধ্যে যেন কোনো বিভ্রান্তি না তৈরি করা হয়। তবে এখন প্রশ্ন, তবে কে খুলল কে কে সিং রাজপুতের নামে এই টুইটার অ্যাকাউন্ট?
সুশান্তের পরিবারের তরফে গত ২৭ জুন অভিনেতা বিদায় জানিয়ে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে সুশান্তের স্মৃতিতে অভিনয়, খেলা, ও বিজ্ঞান জগতের উঠতি তরুণদের সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়। পাশাপাশি সুশান্তের স্মৃতি রক্ষার্থে তার প্রিয় জিনিসপত্র সংগ্রহ করার কথাও জানানো হয়। এরপর থেকে অভিনেতার পরিবারের তরফে সোশ্যাল মিডিয়ায় কিংবা সংবাদমাধ্যমে কিছুই জানানো হয়নি, কোনো সাক্ষাৎকারও দেওয়া হয়নি।
