ফরিদপুরের নৌবন্দর নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আপডেট : ০৬ জুলাই ২০২০, ১২:০৫ এএম

ফরিদপুর নৌবন্দরের ইজারা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়েছে। 

রোববার দুপুর দেড়টার দিকে শহরের লক্ষিপুর স্টেশন রোডে অবস্থিত ব্যবসায়িক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ওই নৌবন্দরের ইজারাদার কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আলাউদ্দিন ট্রেডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (প্রশাসন) অসীম কুমার কর্মকার। 

ফরিদপুর নৌবন্দরের ইজারাদার প্রতিষ্ঠান রিয়াজ করপোরেশন এই আলাউদ্দিন ট্রেডিংয়ের সহযোগী প্রতিষ্ঠান।

অসীম কুমার কর্মকার সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) থেকে ৫০ লাখ টাকার বিনিময়ে ২০২০-২১ অর্থ বছরের জন্য এই বন্দরের ইজারা নিয়েছে রিয়াজ করপোরেশন। কিন্তু একটি মহল বৈধ প্রক্রিয়ায় এই নৌবন্দরের ইজারা পেতে ব্যর্থ হয়ে নানাভাবে আলাউদ্দিন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বেলেন, ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিদ্দিকুর রহমান আলাউদ্দিন ট্রেডিংসহ আরো কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। এ ছাড়া তিনি নানা সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায় সম্পৃক্ত। 

সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনীত এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানানো হয় এবং বিভ্রান্তি নিরসনে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ফরিদপুর জেলা সদরের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সালাম লাল, রিয়াজ কর্পোরেশনের রিয়াজ আহম্মেদ শান্ত, স্থানীয় পৌর কাউন্সিলর শেখ আব্দুল জলিল, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে রোববার সকাল ১০টার দিকে ডিগ্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু নৌবন্দর এলাকায় একটি সংবাদ সম্মেলন করেন। 

সেখানে তিনি দাবি করেন যে, ফরিদপুর নৌবন্দরের ইজারাদার রিয়াজ করপোরেশন অবৈধ প্রক্রিয়ায় কম মূল্য দেখিয়ে এই নৌবন্দরের ইজারা গ্রহণ করেছেন। এখানে সরকারের আর্থিক ক্ষতি হয়েছে। 

এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মাহবুবুর রহমান খান উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত