তেজগাঁওয়ে রেললাইনের দুই পাশে বস্তি উচ্ছেদ

আপডেট : ০৭ জুলাই ২০২০, ০৬:১৬ এএম

রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজারে রেললাইনের দুই পাশের ঝুপড়ি ঘর  উচ্ছেদ করেছে পুলিশ। গতকাল সোমবার ডিএমপির তেজগাঁও বিভাগের পুলিশ ও রেলওয়ে পুলিশ যৌথভাবে এই বস্তিঘরগুলো উচ্ছেদ করে।  

ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ হারুন অর রশীদ জানান, এফডিসি সংলগ্ন রেললাইনের পাশ থেকে তেজগাঁও ট্রাকস্ট্যান্ড পর্যন্ত রেললাইনের দুপাশে অবৈধভাবে রেলওয়ের জমিতে বসানো ঘরগুলো উচ্ছেদ করা হয়েছে। এসব ঘরে মাদক সেবন ও বিক্রি হতো। এছাড়া কিছুদিন আগেই আমরা এখান থেকে বেশ কয়েকজনকে মাদক কারবারিকে গ্রেপ্তার করি। মাদক নির্মূলের লক্ষ্যে আনুমানিক ১০০টি খুপরি ঘর ভেঙে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, মাদকের সঙ্গে সংশ্লিষ্ট আমরা দুয়েকজন অসাধু পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তাদের বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। মাদকের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না। তেজগাঁও বিভাগে কোনো মাদকের আড্ডা থাকতে দেব না। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলবে।

ঢাকা রেলওয়ে থানার ওসি রকিব উল হোসেন বলেন, থানা পুলিশের সঙ্গে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনী মিলে এ অভিযান চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত