গাইবান্ধায় করোনা টেস্টের পিসিআর ল্যাব স্থাপন, সব উপজেলায় করোনার নমুনা সংগ্রহের কেন্দ্র স্থাপন, বিনামূল্যে করোনা পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা, ডেটল, স্যাভলন, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবানসহ স্বাস্থ্য সুরক্ষাসামগ্রীর প্রাপ্তি নিশ্চিত করা ও গরিব মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণের দাবিতে শারীরিক দূরত্ব বজায় রেখে অবস্থান ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
গতকাল সোমবার দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। জেলা শহরের ১ নম্বর রেলগেটে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি মিহির ঘোষ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।
বক্তারা বলেন, করোনা মহামারীর শুরু থেকে গাইবান্ধা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হলেও আজ পর্যন্ত করোনা টেস্টের পিসিআর ল্যাব স্থাপন না হওয়া দুঃখজনক। ফলে দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। অবিলম্বে গাইবান্ধায় করোনা টেস্টের পিসিআর ল্যাব স্থাপন এবং প্রত্যেক উপজেলায় করোনা রোগীর নমুনা সংগ্রহের কেন্দ্র স্থাপন করতে হবে। অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল বের হয়।
