উপজেলা ভেটেরিনারি সার্জন পদ শূন্য ৮ মাস

পোলট্রির গবাদিপশুর রোগ নিয়ে বিপাকে খামারিরা

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৭:০৬ এএম

করোনা মহামারীর মধ্যে কিশোরগঞ্জের ভৈরবে পোলট্রির মহামারীর পর এবার দেখা দিয়েছে গবাদিপশুর মহামারী। এতে দিশেহারা হয়ে পড়েছেন খামারি ও কৃষকরা।

স্থানীয় কৃষক ও খামারিদের অভিযোগ, ভেটেরিনারি সার্জন বা প্রাণিসম্পদ চিকিৎসক না থাকায় এখানকার পোলট্রিশিল্পের পর এবার গবাদিপশুর খামারে ধস নামার উপক্রম হয়েছে। সঠিক চিকিৎসার অভাবে চোখের সামনে তাদের মূল্যবান সম্পদ ধ্বংস হচ্ছে। তারা অবিলম্বে উপজেলা প্রাণিসম্পদ চিকিৎসকের শূন্য পদটি পূরণের জোর দাবি জানিয়েছেন।

ভৈরবে আট মাস হয়ে গেল উপজেলা ভেটেরিনারি সার্জনের পদটি শূন্য। গত বছরের ১২ নভেম্বর তৎকালীন ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বদলিজনিত কারণে অন্যত্র চলে গেলে পদটি খালি হয়। এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা পোলট্রি অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন লিটন জানান, চলতি বছরের শুরুতে ভৈরব উপজেলার দেড় শতাধিক পোলট্রি খামার বার্ড ফ্লু, রানীক্ষেত ও গাম্বুরি রোগে আক্রান্ত হয়। কিন্তু উপজেলা প্রাণিসম্পদ চিকিৎসক না থাকায় বিনা চিকিৎসায় ওইসব খামারের হাজার হাজার মুরগি মরে যায়।

এতে করে কয়েকশ খামারি লোকসানের মুখে পড়েন। কৃষির পাশাপাশি এ উপজেলার গ্রামীণ অর্থনীতি প্রাণিসম্পদনির্ভর উল্লেখ করে দ্রুত এই শূন্য পদটি পূরণে পদক্ষেপ নিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।

এদিকে পোলট্রিশিল্পে ধসের পর এবার গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন এখানকার কৃষক ও খামারিরা। ইদানীং এখানকার কয়েকশ গবাদিপশু ‘ল্যাম্পি স্কিন ডিজিজ’ ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কয়েকটি পশুর মৃত্যু হওয়ায় তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। বিশেষ করে কোরবানির ঈদকে উপলক্ষ করে যারা পশুর মৌসুমি খামার গড়ে তুলেছেন, তারা লোকসানের মুখে পড়ার আশঙ্কায় দিগি¦দিক ছোটাছুটি করছেন।

উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের খামারি আমির হোসেন ও আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামের খামারি মনির হোসেন জানান, ঈদের আগে তাদের খামারে এই ভাইরাস দেখা দেওয়ায় তারা খুব চিন্তিত। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান বলেন, ভেটেরিনারি সার্জন না থাকায় আমরা সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা দিতে পারছি না।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বলেন, খামার ও পোলট্রিসমৃদ্ধ উপজেলায়  ভেটেরিনারি সার্জন পদটি শূন্য থাকা হতাশাজনক। এ বিষয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, আজকেও (গতকাল) আবার চিঠি দিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত