করোনাভাইরাস বৃষ্টির মতো, এতে সবাই ভিজবে: বলসোনারো

আপডেট : ০৮ জুলাই ২০২০, ০৮:৫০ পিএম

ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো করোনা আক্রান্ত হওয়ায় তার সংস্পর্শে আসা মন্ত্রীদেরও পরীক্ষা করে দেখা হচ্ছে।

বিবিসি জানায়, মঙ্গলবার প্রেসিডেন্ট বলসোনারো নিজেই ঘোষণা করেন যে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

কাশির পাশাপাশি তার গায়ে জ্বরও ছিল। কিন্তু বলসোনারো বলেছেন, তিনি ভালো বোধ করছেন। 

ভাইরাসে আক্রান্ত হওয়াতে অবাক হননি বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি বলেন, এটা বৃষ্টির মতো যেটায় সবাই ভিজবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে, তিনি ওষুধ হিসেবে হাইড্রোক্সিক্লুরোকুইন গ্রহণ করছেন।

শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার করা এই ওষুধটিকে করোনাভাইরাসের ওষুধ হিসেবে প্রচারণা চালিয়ে আসছে। বলসোনারো ট্রাম্পের ঘনিষ্ট হিসেবে পরিচিত।

তবে মহামারির শুরুর দিকে এই ওষুধ আশার সৃষ্টি করলেও পরে দেখা গেছে এটি ঠিক কাজ করছে না।

ব্রাজিলের প্রেসিডেন্ট করোনাভাইরাসকে শুরু থেকেই তেমন একটা গুরুত্ব দিচ্ছেন না। নিজেই লকডাউন বিরোধী মিছিলের নেতৃত্ব দিয়েছেন। মানেননি কোনো সামাজিক দূরত্বও।

এখন নিজে আক্রান্ত হওয়ার পর ভালো বোধ করায় তিনি মুখের মাস্ক খুলে ফেলেছেন। তার ভাষ্য, যাতে তারা আমার মুখ দেখতে পারে।

মন্ত্রিসভার শীর্ষস্থানীয় সদস্যরা বলছেন, তারা টেস্ট করিয়েছেন এবং তাদের কেউ কেউ এখনও ফলাফলের জন্য অপেক্ষা করছেন।

এদিকে ব্রাজিলে প্রায় ৬৭ হাজার মানুষ মারা গেছেন এবং ১৭ লাখ মানুষ কভিড-১৯ আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত