প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা বর্তমানে মুম্বাই পুলিশের তদন্তাধীন। এই মামলায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড করেছে পুলিশ।
এরই মাঝে কানাঘুষো শোনা যাচ্ছে, সুশান্তের ভগ্নিপতি ওমপ্রকাশ সিং মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চে বদলি হয়ে আসছেন। শ্যালকের মৃত্যুর কারণ খতিয়ে দেখবেন তিনি।
জি নিউজ জানায়, সুশান্তর বড় বোন ঋতুর স্বামী ওমপ্রকাশ সিং বর্তমানে হরিয়ানা পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের অফিসার অন স্পেশাল ডিউটি বা ওএসডি। আর তিনিই প্রথম দাবি করেছিলেন, সুশান্তকে খুন করা হয়েছে। বলেছিলেন, তার শ্যালক আত্মহত্যা করার মতো মানসিকতার ছেলে কখনোই নয়।
এখন শোনা যাচ্ছে, সুশান্তর মৃত্যু তদন্ত স্বচ্ছভাবে চলছে কি-না তা খতিয়ে দেখতে তিনি মুম্বাইয়ে বদলি হয়ে আসছেন। আর এ বিষয়ে বেশকিছু পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কেউ মুখ খোলেননি।
এ দিকে সুশান্তর মৃত্যুর পর তার আরেক ভগ্নিপতি বিশাল কৃতি নেপোমিটার চালু করেছেন। যার মাধ্যমে বলিউডের কোনো ছবি ‘স্বজনপোষণ’ দোষে দুষ্ট কি-না বিচার করা যাবে।
সম্প্রতি প্রকাশ হয়েছে সুশান্তর শেষ ছবি ‘দিল বেচারা’র ট্রেলার। সিনেমাটি শিগগিরই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।
