চার বছরের ছেলেকে নৌকায় রেখে হ্রদে নিখোঁজ অভিনেত্রী

আপডেট : ১০ জুলাই ২০২০, ০৯:২৩ এএম

লেক পিরুতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হয়েছেন টিভি সিরিজ ‘গ্লি’-খ্যাত অভিনেত্রী নায়া রিভেরা। মঙ্গলবার তার চার বছরের ছেলেকে নৌকায় একা পাওয়া যায় বলে জানায় স্থানীয় পুলিশ। একে তারা ‘ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট’ হিসেবে বর্ণনা করেন।

দ্য র‌্যাপের এক প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে লেক পিরুতে একটি নৌকা ভাড়া নেন নায়া। দুপুর একটা নাগাদ তিনি ডক ত্যাগ করেন। এর পর তাকে আর দেখা যায়নি।

বুধবার স্থানীয় পুলিশ সার্জেন্ট কেভিন ডনোগুই এক সংবাদ সম্মেলনে জানান, হ্রদের মাঝামাঝিতে নৌকায় নায়ার ছেলেকে পাওয়া গেছে। ওই সময় তার সঙ্গে কেউ ছিল না। পরবর্তী অনুসন্ধান বলছে, হ্রদে সাঁতার কাটতে নেমে তার মা নৌকায় উঠতে পারেনি।

এই হ্রদের নিচে গাছ, শেকড় ও নানা ধরনের কাঠ রয়েছে। যার কারণে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে এখানে সাঁতারের অভিজ্ঞতার নায়ার ছিল। আর কোনো ধরনের চোরাস্রোত না থাকায় এই হ্রদ সাঁতারের জন্য অনুমোদিত।

পুলিশের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ডক থেকে নৌকায় চড়ছে নায়া রিভেরা ও তার ছেলে। এর পর তাদের আর একসঙ্গে দেখা যায়নি। ইতিমধ্যে প্রায় অর্ধেক হ্রদে তল্লাশি চালানো হয়েছে। ডুবুরিরা অভিনেত্রীর কোনো চিহ্নই পাননি। তারা তল্লাশিতে সোনার টেকনোলজি ব্যবহার করেন।

নায়া রিভেরার জন্ম ১৯৮৭ সালে। মাত্র চার বছর বয়সে বিজ্ঞাপন ও সিটকমে অভিনয় করেন। তবে ১০ বছর বয়সে ‘দ্য রয়্যাল ফ্যামিলি’র মাধ্যমে দর্শকের মনোযোগ কাড়েন। ‘গ্লি’র মাধ্যমে পান চূড়ান্ত খ্যাতি। তিনি সিনেমায়ও অভিনয় করেছেন। সম্প্রতি তাকে দেখা যাচ্ছে ‘স্টেপ আপ’ সিরিজে। এর আগে ডেভিয়াস মেইডস, দ্য বার্নি ম্যাক শো ও আমেরিকান ড্যাড-সহ বেশ কিছু আলোচিত সিরিজে অভিনয় করেছেন। গায়িকা হিসেবেও নায়ার পরিচিতি রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত