চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার পিএবি সড়কে বিপজ্জনক হয়ে উঠেছে অটোরিকশায় চলাচল। প্রতিদিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে পিএবি সড়ক দিয়ে হাজার হাজার পথচারী ও যানবাহন চলাচল করে। এছাড়া কোরিয়ান ইপিজেডের প্রায় ৩০ হাজার শ্রমিকের যাতায়াত এসব সড়ক দিয়ে। এ সুযোগকে কাজে লাগিয়ে কয়েকটি ছিনতাইকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে।
অটোরিকশায় যাত্রীবেশে উঠে পাশের যাত্রীর গলায় ছুরি ধরে চলছে ছিনতাই। অভিনব পন্থায় অটোরিকশার মধ্যেই ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে।
আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার, কালাবিবি দীঘির মোড়, সরকারহাট, কাফকো সেন্টার ও কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক, কলেজ বাজার, শিকলবাহা ক্রসিং, ফকিরনীরহাট, কেইপিজেড গেটসহ বিভিন্ন স্থানে প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা।
এতে করে বিভিন্ন যানবাহনের চালক, সাধারণ যাত্রী, স্থানীয় ব্যবসায়ী ও চাকরিজীবীসহ অনেকেই ছিনতাইয়ের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। কষ্টে উপার্জন করা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যাচ্ছে তারা।
গত বুধবার বিকেলে কেইপিজেডের কারখানা ছুটির পর চাতরী চৌমুহনী বাজার থেকে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন এক নারী পোশাককর্মী।
এ সময় যাত্রীবেশে অটোরিকশায় থাকা দুই ছিনতাইকারী ওই নারীর গলায় ছুরি ধরে নগদ ১০ হাজার টাকা, এক জোড়া কানের দুল ও মোবাইল সেট ছিনিয়ে নেয়।
পরে ওই নারীকে চলন্ত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ছিনতাইকারীরা।
এর আগে গত রবিবার সকালে কোরিয়ান ইপিজেডের কর্ণফুলী স্যু ইন্ডাস্ট্রিজের (কেএসআই) গেটের সামনে প্রায় আড়াই লক্ষ টাকার পণ্যসহ অটোরিকশাটি ছিনতাই করা হয়।
একইদিন রাতে আনোয়ারা উপজেলার শিলালিয়া- মুরালী খালের বেড়িবাঁধ এলাকায় যাত্রীবেশে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে ৫ যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এভাবে গত দুই সপ্তাহে আনোয়ারা-কর্ণফুলী উপজেলায় অন্তত ৫-৬টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
কর্ণফুলী স্যু ইন্ডাস্ট্রিজের (কেএসআই) একাধিক শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, আনোয়ারার চাতরী চৌমুহনী ও কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় প্রতিদিনই সংঘবদ্ধ ছিনতাইকারীরা অবস্থান নেয়। মোটরসাইকেলযোগে ছিনতাইকারী চক্রও এখন সক্রিয় হয়ে উঠেছে।
ছিনতাইকারীরা ছুরিসহ বিভিন্ন অস্ত্রের মুখে জিম্মি করে প্রতিদিন কারো না কারো মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র কেড়ে নিচ্ছে। ছিনতাইয়ের ঘটনা শুধু রাতেই নয়, দিনেও ঘটছে। সংঘবদ্ধ ছিনতাইকারীরা যাত্রীবেশে অটোরিকশায় উঠে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটাচ্ছে। অনেকেই পুলিশি ঝামেলার কারণে থানায় অভিযোগ দিতে চান না।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ছিনতাইকারীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
একই কথা বললেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল।
