মেক্সিকোতে একদিনে করোনা শনাক্তে রেকর্ড

আপডেট : ১০ জুলাই ২০২০, ০১:১৫ পিএম

যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকোতেও ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। চব্বিশ ঘণ্টায় দেশটিতে কভিড-১৯ শনাক্ত সংখ্যায় রেকর্ড হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সবশেষ চব্বিশ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ২৮০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা একদিনে সর্বোচ্চ। তাতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮২ হাজার ২৮৩ জন।

মেক্সিকোতে প্রথম করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে গত ফেব্রুয়ারির শেষ দিকে। এর মধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫২৬ জন; গত একদিনে মৃত্যু হয়েছে ৭৩০ জনের।

করোনা সংক্রমণ পরিস্থিতি এখনো উচ্চ পর্যায়ে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন মেক্সিকোর সংক্রামক রোগ বিস্তার বিভাগের পরিচালক হোসে লুইস আলোমিয়া, “সংক্রমণের মাত্রা উঁচুতেই রয়েছে। সংক্রমণের হার রোধে স্বাস্থ্যবিষয়ক নির্দেশনাগুলো প্রয়োগ দরকারি হয়ে পড়েছে।”

শনাক্তের সংখ্যা উচ্চ হারে থাকলেও মৃত্যুর সংখ্যা কমে আসছে বলে দাবি করেছেন মেক্সিকো সরকারের এই মুখপাত্র।

এদিকে অচল অর্থনৈতিক চাকা সচল করতে জুন থেকেই লকডাউন পরিস্থিতি খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো সরকার। এরপর থেকেই আক্রান্তের সংখ্যা বাড়ছে বেশি।

১২ কোটি ৭০ লাখ জনগণের দেশটি করোনা আক্রান্তে বৈশ্বিক তালিকায় পঞ্চমস্থানে আছে। তাদের ওপরে চতুর্থস্থানে রয়েছে ইতালি, তৃতীয়স্থানে যুক্তরাজ্য। শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয়স্থানে ব্রাজিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত