সামাজিক দূরত্ব মেনেই দৈনন্দিন কাজ চালিয়ে যেতে হবে : ডেপুটি স্পিকার

আপডেট : ১০ জুলাই ২০২০, ০১:৫২ পিএম

চলমান করোনাভাইরাস সংকটে স্বাস্থ্য বিধি সামাজিক দূরত্ব মেনেই দৈনন্দিন কাজ চালিয়ে যেতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি।

উদাহরণ হিসেবে বাজেট অধিবেশনের কথা তুলে ধরেন তিনি বলেন, “করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে দৈনন্দিন কাজ অব্যাহত রাখতে হবে। সাম্প্রতিক সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজেট অধিবেশন আমরা খুবই সুন্দরভাবে সম্পন্ন করেছি যা পৃথিবীর বহু দেশই সম্পন্ন করতে পারেনি।”

শুক্রবার সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনে ‘সুইড বাংলাদেশ’ এর জাতীয় কাউন্সিলের ৪১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশকে গণতন্ত্র চর্চার ‘উত্তম উদাহরণ’ বলে উল্লেখ করেন ডেপুটি স্পিকার।

সুইড উপদেষ্টা পরিষদের সভাপতি মো. ফজলে রাব্বী মিয়া বলেন, “বাংলাদেশ গণতন্ত্র চর্চার এক উত্তম উদাহরণ। এই করোনাকালের মাঝেও নিয়মিত বার্ষিক সাধারণ সভা আয়োজন করে সুইড বাংলাদেশ প্রমাণ করল তারা একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, তাদের আয়-ব্যয়ের স্বচ্ছতা রয়েছে এবং তারা জবাবদিহিতায় বিশ্বাসী।”

বার্ষিক অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত গাওয়া হয় এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে ডেপুটি স্পিকার ‘সুইড রত্নগর্ভা শহীদ জননী খুরশিদ আরা মসজিদ’ ও সুইড বকুলমামুন মাল্টিপারপাস এরিনা উদ্বোধন করেন।

‘বিদুষী ছিলেন হিতৈষী: মমতাজ বেগম বকুল স্মারকগ্রন্থ’ এর মোড়ক উন্মোচনের সময় ডেপুটি স্পিকার বলেন, “আমার স্ত্রী কিছুদিন আগে আমাকে ছেড়ে চলে গেছেন তিনি হয়তো বকুল আপার মতো এতটা মানব হিতৈষী ছিলেন না, তবে তিনিও অনেক হিতৈষী ছিলেন। আমার অজান্তেই তিনি জনগণের জন্য অনেক কাজ করতেন।”

অনুষ্ঠানের সভাপতি জওয়াহেরুল ইসলাম মামুন ছাড়াও প্রতিষ্ঠানটির অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত