আশুলিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে প্রায় ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কথিত এক শ্রমিক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গত শুক্রবার রাতে ভুক্তভোগী কয়েকজন নারী কথিত শ্রমিক নেতা রাকিব হাসান সোহাগের (৩০) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খুলনার বাসিন্দা সোহাগ নিজেকে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম আশুলিয়া থানা কমিটির সভাপতি পরিচয় দিতেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম আশুলিয়া থানা কমিটির সভাপতি পরিচয় দিয়ে সাধারণ শ্রমিকের সঙ্গে প্রতারণা করে আসছিলেন সোহাগ। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২ হাজার ৫০০ টাকা পাইয়ে দেওয়ার কথা বলে তিনি প্রায় ২ হাজার দরিদ্র লোকের থেকে ৩০০ করে প্রায় ৬ লাখ টাকা নেন। কিন্তু যাদের থেকে নেওয়া হয় তাদের কেউই টাকা পাননি। ভুক্তভোগীরা তাদের দেওয়া ৩০০ টাকা ফেরত চাইলে গালিগালাজ করেন সোহাগ। বৃহস্পতিবার বিকেলে কয়েকজন নারী টাকা চাইতে গেলে দেবে না জানিয়ে তাদেরকে নানাভাবে হুমকি দেন তিনি। এ ঘটনায় শুক্রবার রাতে আশুলিয়া থানায় কথিত শ্রমিক নেতা সোহাগের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন তারা।
এ ব্যাপারে জানতে চাইলে আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার দাস জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সোহাগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
