করোনা পরিস্থিতিতে সরকারি আর্থিক সহায়তার দাবিতে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ’। গতকাল শনিবার সারা দেশে ৬৫ হাজার কিন্ডারগার্টেন সংশ্লিষ্টরা একযোগে এ মানববন্ধন করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সারা দেশে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্ব দানকারী এই সংগঠন।
কর্মসূচিতে কেন্দ্রীয় মহাসচিব মো. রেজাউল হক জানান, বর্তমানে দেশে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রায় এক কোটির অধিক ছাত্রছাত্রী শিক্ষালাভের সুযোগ পাচ্ছে। এছাড়াও এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ লক্ষাধিক শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী কর্মরত আছেন এবং এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদের পরিবারবর্গ। এ বিপুলসংখ্যক জনসংখ্যা করোনাভাইরাস মোকাবিলা করার জন্য দীর্ঘদিন যাবৎ স্কুল বন্ধ থাকার কারণে অর্থনৈতিকভাবে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে।
এ অবস্থা চলতে থাকলে আগামী দুই-তিন মাসের মধ্যেই প্রায় ৫০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, এতে লাখ লাখ শিক্ষক-কর্মচারী বেকার হয়ে পড়বে।
সরকারের নিকট তাদের আবেদন শিক্ষক-কর্মচারীদেরসহ সব কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান বাঁচিয়ে রাখার স্বার্থে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা বা প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করতে হবে। অথবা সহজ শর্তে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে হবে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ইস্কান্দার আলী হাওলাদার।
