প্রতিদিন একটি করে আপেল খেলে ডায়াবেটিসের ঝুঁকি ‘এক-চতুর্থাংশ’ কমে যায়। ইউরোপের আটটি দেশের ২৩ হাজার প্রাপ্তবয়স্কের ওপর গবেষণা করে এই ফলাফল পেয়েছেন গবেষকেরা।
ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়েছে, প্রতিদিন ৬৬ গ্রাম ফল এবং সবজি খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ২৫ শতাংশ কমে যায়।
কেমব্রিজ ইউনিভার্সিটির নীতা ফরোহী এ বিষয়ে দ্য সানকে বলেছেন, ‘মানুষ মনে করে জনস্বাস্থ্যের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। কিন্তু অনেকেই জানেন না আপেলের মতো ফল নিয়মিত খেলেই ডায়াবেটিসের ঝুঁকি কমে যায়। একই সঙ্গে সবজির পরিমাণও একটু বাড়িয়ে দিলে ভালো থাকা যায়।’
ব্রিটেনের আরেকটি গবেষণায় দেখা গেছে, যেসব প্রাপ্তবয়স্ক ব্যক্তি বেশি বেশি তাজা ফল খান তাদের টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি ২৯ শতাংশ কম থাকে।
ডায়াবেটিস ইউকে নামের একটি সংগঠন বলছে, এই গবেষণায় বোঝা গেল সবজি এবং ফল খাওয়া একটু বাড়িয়ে দিলেই ঝুঁকি অনেকটা কমে যায়।
