দেশে ফিরেছেন এন্ড্রু কিশোরের মেয়ে, শেষকৃত্য বুধবার

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৬:২২ পিএম

ছেলে মেয়ের অপেক্ষায় হিমঘরে শুয়ে আছেন এন্ড্রু কিশোর। মৃত্যুর আগে বলে গিয়েছিলেন ছেলে মেয়ে না আসা পর্যন্ত যেন তাকে দাফন করা না হয়। বিদেশে থাকা ছেলে মেয়ের জন্যই হিমঘরে অপেক্ষা করছিলেন এন্ড্রু কিশোর। বৃহস্পতিবার এসেছে ছেলে সপ্তক, ১৩ জুলাই এলেন মেয়ে সংজ্ঞা। হিমঘরে অপেক্ষার পালা শেষ হলো এন্ড্রু কিশোরেরও। এবার পাড়ি জমাবেন অপার দয়ালের কাছে। আগামীকাল বুধবারই অনুষ্ঠিত হবে এন্ড্রু কিশোরের শেষকৃত্য।

৬ জুলাই সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান বাংলা গানের জনপ্রিয় শিল্পী এন্ড্রু কিশোর। মৃত্যুর আগে বলে গিয়েছিলেন নিজের মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পর্কেও। ১৫ জুলাই কিশোরের নির্দেশনা মেনেই আয়োজন করা হবে শেষকৃত্যের।

এদিকে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধার জন্য এন্ড্রু কিশোরকে নেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়েছে। করোনার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত বাতিল করেছে বলে শোনা গেছে।

১৫ জুলাই সকাল ১০টায় প্রথমেই রাজশাহী শহরের স্থানীয় চার্চে নেওয়া হবে এন্ড্রু কিশোরের মরদেহ। এরপর তাকে নিয়ে আসা হবে রাজশাহীর কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টানদের কবরস্থানে। সেখানে বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় যাবেন এ দেশের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত