অস্ত্র মামলায় ১০ বছরের সশ্রম কারাদ-ের আদেশ হওয়ায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউপি চেয়ারম্যান বুলবুল খানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। বুলবুল খান শায়েস্তাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান বুলবুলকে স্পেশাল ট্রাইব্যুনালের ৪০/২০১২ নং মামলার রায়ে ১০ বছর সশ্রম কারাদ-ে দ-িত করেছে আদালত। এমতাবস্থায় ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয়। তাই ২০০৯ সালের ইউনিয়ন পরিষদের ৩৪ (১) ধারা অনুযায়ী উল্লিখিত ইউপি চেয়ারম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। একই দিনে চেয়ারম্যান বুলবুল খানকে কেন চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না পত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিস দিয়েছেন উপসচিব মোহাম্মদ ইখতেখার আহমেদ চৌধুরী। বুলবুল খান বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। এদিকে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউপির চেয়ারম্যান মুখলিছ মিয়া করোনা পরিস্থিতির সময় ভিজিডির চাল আত্মসাৎ মামলায় পলাতক থাকার পর সোমবার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল হুদা চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ৩০০ কেজি চাল আত্মসাতের ঘটনায় গত ১২ মে স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। বহিষ্কার হন শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও।
