সাহেদসহ তিন জনের বিরুদ্ধে অস্ত্র আইনে র‌্যাবের মামলা

আপডেট : ১৬ জুলাই ২০২০, ০১:৫৮ এএম

করোনার ভুয়া টেস্ট ও জাল সনদপত্র প্রদানসহ প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমসহ তিনজনকে আসামি করে অস্ত্র আইনে মামলা করেছে র‌্যাব।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, বুধবার রাতে র‌্যাব-৬ এ সিপিসি-১ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন। এর আগে এদিন ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী শাঁখরা কোমরপুর থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়।  

মামলায় সাহেদ করিমকে প্রধান আসামি করা হয়। এছাড়া, মামলায় নৌকার মাঝি বাচ্চুকে পলাতক ও আরও একজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ওসি বিপ্লব কুমার সাহা বলেন, র‌্যাব এর পক্ষ থেকে অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় সাহেদকে মূল আসামি এবং একজনকে পলাতক ও আরও একজনকে অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।

উল্লেখ্য, প্রতারণাসহ নানা অপকর্মের ঘটনায় ইতিপূর্বে সাহেদের বিরুদ্ধে প্রায় ৫০ টি মামলার সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সর্বশেষ করোনা ভাইরাসের ভুয়া টেস্ট ও জাল সনদ প্রদানের ঘটনায় র‌্যাবের অভিযানে রিজেন্ট হাসপাতালের দুটি শাখা সিলগালা ও মামলা দায়ের হলে পালিয়ে বেড়াচ্ছিলেন ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. সাহেদ। অবশেষে বুধবার ভোরে ছদ্মবেশে ভারতে পালানোর সময় দেবহাটার শাঁখরা কোমরপুর সীমান্ত থেকে সাহেদকে অবৈধ অস্ত্রসহ বোরকা পরা অবস্থায় গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত