সিবলি-স্টোকসের ব্যাটে ইংল্যান্ডের প্রতিরোধ

আপডেট : ১৭ জুলাই ২০২০, ০১:১০ এএম

সাউদাম্পটন টেস্ট যেখানে শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ, ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে যেন ঠিক সেখান থেকেই শুরু করল দলটি। টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিলেন অধিনায়ক জ্যাসন হোল্ডার। দ্রুতই প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নিয়ে সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করেছিলেন রোস্টন চেজ, আলজারি জোসেফরা।

তবে ডোমিনিক সিবলি আর বেন স্টোকসের ব্যাটে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। এই দুইয়ের ব্যাটে প্রথম দিনে বরং এগিয়ে রাখতে হবে স্বাগতিকদেরই।

বৃহস্পতিবার ৩ উইকেটে ২০৭ রানে প্রথম দিন শেষ করেছে ইংল্যান্ড। ৮১ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর সিবলি ও স্টোকস চতুর্থ উইকেটে এখন পর্যন্ত ১২৬ রান যোগ করেছেন। সিবলি ৮৬ ও স্টোকস ৫৯ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করবেন।

এদিন ওপেন করতে নেমে সিবলি ২৫৩ বল খেলে ৪ চারে নিজের ইনিংসটি সাজান। স্টোকস ১৫৯ বল খেলেছেন। আর ইনিংসের পাশে এখন পর্যন্ত ৪টি চারের সঙ্গে ১টি ছক্কা।

সাউদাম্পটনের মতো ওল্ড ট্র্যাফোর্ড টেস্টও শুরু হয়েছিল বৃষ্টির বাগড়ার মধ্য দিয়ে। প্রথম সেশনে খেলা হতে পারে মাত্র ১৩.২ ওভার। লাঞ্চের আগে শেষ বল ও লাঞ্চের পর প্রথম বলে (১৪তম ওভারে পর পর দুই বল) রোবি বার্নস (১৫) ও জ্যাক ক্রাউলিকে (০) তুলে নিয়ে ইংল্যান্ডকে বিপাকে ফেলেন চেজ।

অধিনায়ক জো রুটকে নিয়ে ধাক্কা সামলানোর চেষ্টা করছিলেন সিবলি। তবে ২৩ রান করা রুটকে ফিরিয়ে ৫২ রানের জুটি ভাঙেন জোসেফ। এরপরই সিবলি-স্টোকসের প্রতিরোধ। দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড।

প্রথম টেস্ট জিতে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত