করোনা রোগীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় পরবর্তী চিকিৎসা ও পুনর্বাসন সেবা দেবে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) । গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিআরপির সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রোকসানা পারভীন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পর মাংসপেশির জয়েন্ট, মেরুদণ্ডে ব্যথা, দুর্বলতা, প্রতিবন্ধকতাসহ দৈনন্দিন কাজে অক্ষমতা ও মানসিক স্বাস্থ্যের অবনতিসহ নানাবিধ সমস্যা দেখা দেয়। এসব সমস্যায় ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপি, ফিজিশিয়ান পরামর্শ, কাউন্সেলিং, প্রথেটিক্স ও অর্থটিক্স এবং নার্সিং সেবার সমন্বয়ে স্বাস্থ্য ও পুনর্বাসন সেবার প্রয়োজন। সিআরপি করোনা-পরবর্তী স্বাস্থ্য ও পুনর্বাসনের মাধ্যমে এসব রোগীর সম্পূর্ণরূপে সুস্থ করার লক্ষ্য নিয়ে কাজ করছে। এসব সেবা সিআরপি সাভার ও মিরপুর শাখায় পাওয়া যাবে।
