সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে ‘সরকারি মহাত্মা অশ্বিনী কুমার দত্ত কলেজ’ নামকরণে সরকারি প্রস্তাবনা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় তারা। সংবাদ সম্মেলন শেষে দুপুর ১২টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপিও দেওয়া হয়।
‘সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে সরকারি মহাত্মা অশ্বিনী কুমার দত্ত কলেজ নামকরণ বাস্তবায়ন কমিটি’র ব্যানারে ওই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল। তিনি উল্লেখ করেন, ‘অবিভক্ত ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বাংলাদেশের তথা বরিশালের কৃতী সন্তান মহাত্মা অশ্বিনী কুমার দত্ত। তার নামে সরকারি বরিশাল কলেজের নামকরণের দাবিতে কয়েক যুগ ধরেই আন্দোলন করে আসছে বরিশালের সর্বস্তরের মানুষ। সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ করে গেজেট নোটিফিকেশন জারি হওয়াটা এখন সময়ের দাবি। বর্তমান জেলা প্রশাসকের কাছে একই দাবি করা করা হলে বিষয়টি তদন্ত করে গত ফেব্রুয়ারিতে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশও পাঠান তিনি। এর ভিত্তিতে নীতিগতভাবে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে শিক্ষা মন্ত্রণালয়। আমরা সেই পদক্ষেপের চূড়ান্ত রূপ দেখতে চাই।’
