রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও তার সহকারী একান্ত সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
স্পিকার আবদুল হাইয়ের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এক শোকবার্তায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় আব্দুল হাইয়ের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্পিকার ও ডেপুটি স্পিকার থাকাকালীন সময়েও তার সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সাবেক কর্মকর্তা আবদুল হাই।
তিনি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক হিসেবেও কাজ করেছেন। হাজী তায়েব উদ্দিন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য এবং শিক্ষক ছিলেন তিনি।
