জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সরকারের সমালোচনা বলেছেন, ‘সংবিধানের মাধ্যমে আমরা স্বৈরাচারী পন্থাকে বৈধ করে দিয়েছি। সাংবিধানিকভাবে স্বৈরাচারী সিস্টেম তৈরি করেছি কি না এটার বিষয়ে আমার সংশয় রয়েছে। বর্তমানে সংসদীয় গণতন্ত্র আমরা চর্চা করছি না।’
গতকাল শুক্রবার বিকেলে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ি এলাকায় প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, এরশাদকে স্বৈরাচার বলা হয় কিন্তু তিনি সবচেয়ে বেশি গণতান্ত্রিক পন্থায় দেশ পরিচালনা করেছিলেন। তিনি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। সাভারে জাতীয় স্মৃতিসৌধকে তিনিই পরিপূর্ণ করেছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা বলেন, স্বাস্থ্যমন্ত্রী মানুষের স্বাস্থ্য তো দূরের কথা, তিনি নিজের ছাড়া আর কারও স্বাস্থ্য ভালো করতে পারেননি।
