বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় সাংবাদিক, স্বাস্থ্যকর্মীসহ ৩৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এদের শরীরে করোনা শনাক্ত হয়।
আক্রান্তদের অধিকাংশের শরীরে করোনার উপসর্গ না থাকায় তাদের বাড়িতে অবরুদ্ধ রেখে চিকিৎসা দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। আক্রান্তদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে পরিবারের সদস্যদের আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
গত ১২ ও ১৪ জুলাই সন্দেহভাজন এই করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায় স্বাস্থ্য বিভাগ।
এই নিয়ে বাগেরহাট জেলায় মোট ৩৯৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হল। এর মধ্যে ২৪৪ জন সুস্থ হয়েছেন।
আক্রান্তদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন উপজেলায়।
বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. সুব্রত দাস এই প্রতিবেদককে বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
আক্রান্তদের মধ্যে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। সবাইকে আরও সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
তিনি আরও বলেন, আক্রান্তরা সবাই সুস্থ স্বাভাবিক রয়েছেন। বাগেরহাট জেলায় এই নিয়ে মোট ৩৯৪ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হল। এরমধ্যে ২৪৪ জন সুস্থ হয়েছেন। জেলায় এপর্যন্ত মারা গেছে নারীসহ ছয়জন।
