জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) সাবেক পরিচালক অধ্যাপক ডা. আবুল হোসেন খান চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত দুই সপ্তাহ ধরে তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
স্বনামধন্য এই হৃদরোগ বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজের ২৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি সূক্ষ্ম হাতে স্ট্যান্টিং করতেন। তার কাছে সরাসরি প্রশিক্ষণ নিয়ে দেশে অনেক খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ তৈরি হয়েছে। ডা. আবুল হোসেন খান চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, অধ্যাপক ডা. আবুল হোসেন খান চৌধুরী দেশের একজন প্রখ্যাত শিক্ষক হিসেবে চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণা খাতে তার গুরুত্বপূর্ণ অবদানের কথা দেশ ও জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
