ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মঈনের মানহানি মামলা

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০১:৩৮ পিএম

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন ১৯৭১ সালে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত  চৌধুরী মঈন উদ্দিন।

ডেইলি মেইল এ খবর দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমটি একজন ব্রিটিশ মুসলিম নেতা হিসেবে চৌধুরী মঈন উদ্দিনের পরিচয় দেয়।

তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের বিষয়টি উঠে আসে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি একটি প্রতিবেদনে। যেটি প্রকাশ করা হয় মন্ত্রণালয়ের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টেও।

কোনো ধরনের যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ কঠোরভাবে প্রত্যাখ্যান করে মইন উদ্দিনের দাবি, ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই টুইটে তার মানহানি হয়েছে।

টুইটটিতে রিটুইট করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল, বিবিসি সাংবাদিক মিশাল হুসাইন, মানবাধিকার কর্মী পিটার টাচেল।  

এই ঘটনায় প্রীতি প্যাটেলের বিরুদ্ধে ৬০ হাজার পাউন্ডের মানহানির অভিযোগ আনেন মঈন উদ্দিন। 

অভিযোগে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার একাউন্টে কমিশন ফর কাউন্টারিং এক্সট্রিমিজমের ডকুমেন্ট ‘চ্যালেঞ্জিং হেটফুল এক্সট্রিমিজম’ শেয়ার করা হয়েছে। ওই অ্যাকাউন্টের ১০ লাখের মতো ফলোয়ার আছে।  

প্রতিবেদনটিকে তাকে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে। যদিও শুরু থেকে মঈন উদ্দিন তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

মুক্তিযুদ্ধের সময় আলবদর বাহিনীর নেতৃত্ব দেওয়া এবং তার নেতৃত্বে ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যার অভিযোগে ২০১৩ সালে মঈন উদ্দীনের অনুপস্থিতিতেই তার বিচার হয়। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। 

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই মঈন উদ্দীন ব্রিটেনে পালিয়ে যান। ব্রিটিশ নাগরিকত্বও পান তিনি। স্ত্রী ও চার সন্তান নিয়ে উত্তর লন্ডনে বসবাস করছেন। ৭১ বছর বয়সী মঈন উদ্দীন যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) সাবেক পরিচালক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত