আগস্টে মেয়েদের অনুশীলনে ফেরানোর পরিকল্পনা

আপডেট : ১৯ জুলাই ২০২০, ১১:০৭ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় রবিবার থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন জাতীয় দলের বেশ কজন শীর্ষ ক্রিকেটার। তবে পুরোদমে অনুশীলন কার্যক্রম ও খেলা কবে শুরু হবে তা এখনই বলার উপায় নেই। সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। তেমনই দেশের নারী ক্রিকেটারদের মাঠে ফেরাটাও বর্তমান পরিস্থিতির উন্নতির উপর নির্ভর করছে। সে ক্ষেত্রে অবশ্য আগস্টে মেয়েদের অনুশীলনে ফেরানো যায় কিনা সে নিয়ে ভাবছে বিসিবি।

বিসিবির মহিলা উইংয়ের প্রধান শফিউল আলম চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘পরিস্থিতির উন্নতি হলে এবং সরকারের অনুমতি পাওয়া গেলে আগস্টেই আমরা নারী ক্রিকেটারদের নিয়ে একটি অনুশীলন শিবির শুরু করতে চাই।’

একই মাসে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেরও প্রস্তুতি ক্যাম্পও করার পরিকল্পনা বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির।

জাতীয় নারী ক্রিকেট দলের অন্যতম তারকা জাহানারা আলমও মাঠে ফেরার প্রহর গুনছেন। বলেন, ‘শুনছি তো যে ঈদের পরই নাকি ক্রিকেটীয় কার্যক্রম শুরু হয়ে যাবে। বাসায় থাকতে থাকতে এক পর্যায়ে হাঁপিয়ে উঠেছিলাম। তবে এখন মনে হচ্ছে ক্রিকেটীয় কার্যক্রম শিগগিরই শুরু হয়ে যাবে। আমিও আছি সেই সময়টির অপেক্ষাতেই। বাড়িতে ঈদ করতে যাচ্ছি। ফিরে এসেই পুরোদমে শুরু করতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত