সোমবার ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট : ২১ জুলাই ২০২০, ১০:৩৮ পিএম

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, ২৭ জুলাই (সোমবার) বিকেল ৪টায় ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল- ২০২০ আন্তর্জাতিক পোগ্রাম উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা জানান।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের রাজধানী ঢাকা এ বছর ওআইসি যুব রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে এ স্বীকৃতি জাতি হিসেবে আমাদের গর্বিত করে। আগামী ২৭ জুলাই বছরব্যাপী বিস্তৃত ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল- ২০২০ এর নানা আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

বিশ্বের ৭৫ টি দেশের প্রায় তেরো শতাধিক তরুণ এই আয়োজনে অংশগ্রহণ করতে অনলাইনে আবেদন করেছেন বলে জানান মন্ত্রী।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘এ আয়োজনের মাধ্যমে বিশ্বে আমাদের যুবসমাজের অমিত সম্ভাবনা তুলে ধরা হবে। আমরা বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর সুবিধা ভোগ করছি। এ ছাড়াও রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশ সরকার যে মানবিক সহায়তা করছে সেটিও বিশ্ববাসীর কাছে উপস্থাপন করা হবে।’

ভার্চুয়াল আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যুব ও ক্রীড়া সচিব, তথ্য সচিব, ধর্ম সচিব, সংস্কৃতি সচিব ও বিভিন্ন মন্ত্রণালয়ের ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল অনুষ্ঠানটি এবার ভার্চুয়ালভাবে অনুষ্ঠিত হবে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি দুই দিন ব্যাপী এ আয়োজনের উদ্বোধন ঘোষণা করবেন।

মুসলিম বিশ্বের তরুণদের দৃঢ় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার প্রয়াসে তরুণদের নানামুখী কৃতিত্বে উৎসাহ প্রদানের লক্ষ্যে ইসলামিক কো-অপারেশন ইয়্যুথ ফোরাম (আইসিওয়াইএফা) ২০১৫ সাল থেকে প্রতিবছর ওআইসি সদস্যভুক্ত দেশসমূহকে ‘ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল’ এর স্বীকৃতি প্রদান করে আসছে।

২০১৯ সাল থেকে শুরু হওয়া তীব্র প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ার বিভিন্নধাপ সফলতার সাথে সম্পন্ন করে গত ২৫ ডিসেম্বর বাংলাদেশ গৌরবজনক এই স্বীকৃতি অর্জন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত