রাজধানীর দক্ষিণখানে বাসায় আলো আক্তার (১৭) নামে এক পোশাককর্মী দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে দক্ষিণখান দক্ষিণপাড়া জামে মসজিদ গলির আব্দুল কাদের সিদ্দিকের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সরকারবাড়ি এলাকার রবিউল ইসলামের মেয়ে আলো পরিবারের সঙ্গে দক্ষিণখানের ওই বাসায় থাকত। সে মোল্লারটেক এলাকায় মায়ের দোয়া ওয়াশ ফ্যাক্টরিতে কাজ করত। ভগ্নিপতি ওমর ফারুক জানান, কারখানা থেকে সোমবার রাত ৯টার দিকে বাসায় আসে আলো। পরে রুমের বাইরে গোসলখানায় গোসল করতে যায়। এ সময় সে ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর ঘরে থাকা মা ও বোন আলোর চিৎকার শোনে। কিন্তু দরজা লাগানো থাকায় তাদের যেতে দেরি হয়। গিয়ে তারা আলোকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় দেখে। এলাকার ফার্মেসিতে নিয়ে গেলে দোকানদার জানান আলো মারা গেছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কে আলোকে হত্যা করেছে জানেন না জানিয়ে ফারুক বলেন, ‘কারখানার এক ছেলের সঙ্গে আলোর প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলে তাকে বিয়ে করতে চাইত। আলো তার পরিবারের লোকজনের সঙ্গে তাকে আলাপ করতে বলে। কিন্তু ওই ছেলে পরিবারের লোকজন ছাড়াই তাকে বিয়ে করার চেষ্টা করছিল। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যও হয়। ছুরিকাঘাতের নেপথ্যে ওই ছেলের হাত থাকতে পারে।’ দক্ষিণখান থানার এসআই আজিজ জানান, অতিরিক্ত রক্তক্ষরণে আলোর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তে প্রকৃত কারণ জানা যাবে। সন্দেহভাজন সহকর্মীকে খোঁজা হচ্ছে।
