প্রাথমিক শিক্ষা-সমাপনী পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২২ জুলাই ২০২০, ০৬:৫০ এএম

বিষয় : বাংলা

(আজ সর্বাধিক কমন একটি চিঠি এবং একটি দরখাস্ত দেওয়া হলো)

মনে করো, তোমার নাম সিনথিয়া/আবিদ। তোমার বন্ধুর নাম বুশরা/মাহাথির। গ্রীষ্মের ছুটিতে তুমি তোমার গ্রামে বেড়াতে গিয়েছিলে। এখন তোমার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একটি পত্র লেখো।

উত্তর

কলারোয়া, সাতক্ষীরা

৯ এপ্রিল, ২০২০

প্রিয় বুশরা,

আশা করি ভালো আছো। তোমার বাবা-মাকে আমার সালাম এবং ছোট বোনকে স্নেহ জানাবে। গত চিঠিতে তুমি আমার গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে জানতে চেয়েছিলে। আজ আমি তোমাকে এ সম্পর্কে লিখছি।

এবার গ্রীষ্মের ছুটিতে আমি আমার গ্রামে বেড়াতে গিয়েছিলাম। ছায়া সুনিবিড় ছোট শান্ত ও নিরিবিলি গ্রাম আমাদের। গাছে গাছে নানা রকম ফল, ফুল ও পাখিদের আনাগোনা। তীব্র গরমের মধ্যেও গ্রামের শীতল বাতাসে মন জুড়িয়ে যায়। গ্রামের মাঠে মাঠে সোনালি ধানের দোলা দেখে খুব ভালো লাগে। গ্রামের প্রতিটি মুহূর্ত আমার খুব ভালো কেটেছে। ভবিষ্যতে আমার গ্রামে বেড়ানোর জন্য তোমার নিমন্ত্রণ রইল।

ইতি

তোমার বান্ধবী

সিনথিয়া

মনে করো, তুমি রানা/রানী। তুমি হরিণাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। তুমি তোমার বড় বোনের বিয়ে উপলক্ষে তিন দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত লেখো।

উত্তর

৯ এপ্রিল, ২০২০

বরাবর

প্রধান শিক্ষক

হরিণাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিষয় : অগ্রিম ছুটির জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থী। আগামী ১৩ এপ্রিল আমার বড় বোনের বিয়ে। বিয়ের আগে ও পরে পারিবারিক আনন্দ-বিনোদন এবং আনুষ্ঠানিকতায় অংশগ্রহণের জন্য আগামী ১২ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মোট তিন দিন আমার ছুটি গ্রহণ অত্যন্ত প্রয়োজন।

অতএব প্রার্থনা, আমার অগ্রিম ছুটি মঞ্জুর করতে জনাবের মর্জি হয়।

নিবেদক

আপনার একান্ত অনুগত

রানা

পঞ্চম শ্রেণি

রোল-২

×
সর্বশেষ সর্বাধিক পঠিত